‘সার্টিফিকেট অব মেরিট’ পেলেন ১৭ কর্মকর্তা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:১৩ পিএম

কাস্টমস দিবসে ‘সার্টিফিকেট অব মেরিট’ পেলেন ১৭ কর্মকর্তা। কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্বীকৃতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ জন কর্মকর্তা ও তিন অংশীজনকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সম্মাননা পাওয়া এনবিআরের ১৭ কর্মকর্তা হলেন এনবিআরের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম, ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনার মো. রুহুল আমিন, ঢাকা দক্ষিণের কাস্টমস বন্ড কমিশনারেটের যুগ্ম কমিশনার মোছা. শাকিলা পারভীন, বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আবদুল রশীদ মিয়া, মংলা কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার মহিববুর রহমান ভূঞা, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মো. পায়েল পাশা ও এনবিআরের দ্বিতীয় সচিব মো. পারভেজ রেজা চৌধুরী।

সম্মাননা পাওয়া বাকি কর্মকর্তারা হলেন বৃহৎ করদাতা ইউনিটের উপ-কমিশনার মিতুল বনিক, ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. ইফতেখার আলম ভূঁইয়া, চট্টগ্রাম কাস্টম হাউজের উপ-কমিশনার মোছা. আয়শা সিদ্দিকা, ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার মিজ জেবন্নেছা, এনবিআরের সহকারী প্রোগ্রামার কামরুন নাহার মায়া, ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাতের রাজস্ব কর্মকর্তা বিপ্লব রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা অনিমেষ ম-ল, মো. ফাহাদ চৌধুরী, মনিরুল ইসলাম ও মো. আসাদুজ্জামান খান।

এছাড়া শিল্প মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) অংশীজন হিসেবে অবদান রাখার জন্য সার্টিফিকেট অব মেরিট ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশে গতকাল (২৬ জানুয়ারি) একযোগে দিবসটি উদযাপন করা হয়েছে। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এ দিনটিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণার পর থেকেই বাংলাদেশও দিবসটি উদযাপন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত