বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের উত্তর দিতে রুচিতে বাঁধে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের ও সরকারের বক্তব্যের জবাব দেওয়া হবে রাজপথে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর শীর্ষ নেতাদের এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। ওই সংবাদ সম্মেলন থেকে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং ১০ দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে রাজধানীর চার স্থানে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নেতাকর্মীরা নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে নিম্ন আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দিচ্ছে। এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। নির্যাতন নিপীড়ন ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে সরকার।’
তিনি বলেন, ‘যারা দিনের ভোট রাতে করে যারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দেয়, তাদের মুখে বিএনপির নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলন নিয়ে কথা বলা মানায় না। তারা লজ্জা-শরমহীন।’
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবির আন্দোলন আরও বেশি সোচ্চার হবে, আরও বেশি বেগবান হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সন্ত্রাস ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের গ্রেপ্তার, অত্যাচার, নির্যাতন ও গুলিবর্ষণ করে হত্যা করছে। দেশের জনগণের গণতন্ত্রের আকাক্সক্ষাকে দমন করতে না পেরে তারা আরও হিংস্র হয়ে উঠেছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরবত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা উত্তরের সদস্যসচিব আমিনুল হক, দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।
