থাইল্যান্ডে অনলাইন পোস্টে রাজতন্ত্রের অমর্যাদা করার অভিযোগে এক ব্যক্তির ২৮ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। গত বৃহস্পতিবার ওই ব্যক্তির আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির কিংডমস লেস-ম্যাজেস্ট (রাজতন্ত্রের বিরুদ্ধে অপরাধ) আইন বিশ্বের কঠোরতম আইনগুলোর মধ্যে একটি এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, বিরোধী মত ও বিতর্ককে দমন করার জন্য এই আইনের অপব্যবহার করা হয়। এই আইনে দেশটির উত্তরের শহর চিয়াং রাইয়ের একটি আদালত ২৯ বছর বয়সী মংকোল তিরাকোতেকে দুটি পৃথক মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেন। মংকোল একজন অনলাইন পোশাক বিক্রেতা ও মানবাধিকারকর্মী। বার্তা সংস্থা এএফপিকে তার আইনজীবী বলেন, সাজা মূলত ৪২ বছর ছিল, কিন্তু আদালত তা কমিয়ে ২৮ বছর করেন। তিনি আরও জানান, মংকোল আপিল করবেন এবং আদালত তাকে ৯ হাজার ১০০ ডলার জামানতে জামিন দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক সুনাই ফাসুক বলেছেন, রাজতন্ত্রের মানহানির মামলায় থাই আদালতের ২৮ বছরের সাজা প্রদান দ্বিতীয় সর্বোচ্চ। ২০২১ সালে থাই আদালত রাজতন্ত্রকে অপমান করার জন্য একজন নারীকে রেকর্ড ৪৩ বছরের সাজা দেয়।
×
