প্রযুক্তির কল্যাণে বিশ্ব সিনেমা এখন হাতের মুঠোয়। যারা বিশ্ব সিনেমার নিয়মিত দর্শক বা খোঁজখবর রাখেন, তারা জানেন যে ‘মুবি ডট কম : গটইও.ঈঙগ ’ বিশে^র এক নম্বর সিনেমাভিত্তিক ওয়েবসাইট। এই ওয়েব সাইটে বিশ্বসেরা নির্মাতাদের সিনেমা স্থান পায়। বিশ্বের বড় বড় ফিল্ম ফেস্টিভালে যেমন নিজের সিনেমা দেখানোর জন্য তা সাবমিট করতে হয়, এখানে সেই সুযোগও নেই। মুবি ডট কমের প্রতিনিধিরা বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরে যে ছবিগুলোকে মনে করে এই সাইটে রাখার যোগ্য শুধু সেই ছবিগুলোই এখানে স্থান পায়। হঠাৎ করে বিদেশি একটি সিনেমার ওয়েবসাইট নিয়ে এত কথার বলার কারণও নিশ্চয়ই আছে!
মাস্টারপিস সিনেমার বিশ্বখ্যাত স্ট্রিমিং সাইট মুবি ডট কমে জায়গা পেয়েছে দেশের নন্দিত তারকা অপি করিম অভিনীত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ওয়েবসাইটটির সুন্দর, আকর্ষণীয় এবং অবিশ্বাস্য (বিউটিফুল, ইন্টারেস্টিং, ইনক্রেডিবল) ক্যাটাগরিতে স্থান পেল মায়ার জঞ্জাল। যে ক্যাটাগরিতে মার্টিন স্করসিস, কুয়েন্টিন টারান্টিনো, রোমান পোলান্সি, ওয়াংকার ওয়াই, ট্রুফু, গদারদের মতো বিশ্বজয়ী চলচ্চিত্রকারের ছবি রয়েছে। এবং তাদের প্রতিটি ছবিই মাস্টারপিসের স্বীকৃতি পেয়েছে। সেই বিবেচনায় ‘মায়ার জঞ্জাল’কেও মুবি ডট কম মাস্টারপিসই বলছে!
নিজের সিনেমার এমন অবিশ্বাস্য ও আন্তর্জাতিক অর্জনে অনুভূতি কেমন? জানতে চাইলে অপি করিম বলেন, ‘সত্যি খুব ভালো লাগছে। আমি সিনেমা করেছি একেবারেই হাতেগোনা। তারপরও আমার এই ছবিটি এমন বড় পরিসরে আমার দেশকে রিপ্রেজেন্ট করেছে এটা ভাবতেই অন্যরকম আনন্দ লাগছে। আমি বরাবরই বেছে বেছে কাজ করি। এখন মনে হচ্ছে আমি সঠিক পথেই আছি। মায়ার জঞ্জালের পুরো টিমের পরিশ্রম সার্থক হয়েছে। ছবিটির সঙ্গে জড়িত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। তারা যার যার জায়গা থেকে শতভাগ সততার সঙ্গে কাজটি করেছেন বলেই এমন পরিণত একটি সিনেমা আমরা উপহার দিতে পারছি। এ মাসেই ছবিটি মুক্তি পাওয়ার কথা দেশের সিনেমা হলে। আমি আরও খুশি হব যখন দেশের মানুষ ছবিটি হলে গিয়ে দেখবেন এবং তাদের পছন্দ হবে।’
‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার নতুন নীতিমালা পরিপূর্ণভাবে মেনে নির্মিত হওয়া প্রথম সিনেমা। এটি নির্মাণ করেছেন কলকাতার অন্যতম মেধাবী নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। যার ‘ফড়িং’ সিনেমাটি কলকাতা পেরিয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে। আর এতে অপি করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সোহেল মন্ডল, কলকাতার মেধাবী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিটির বাংলাদেশি প্রযোজক জসিম আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘এটা নিঃসন্দেহে আমার দেশের তথা ভারতীয় উপমহাদেশের সিনেমার জন্য একটা বড় খবর। বিষয়টি আমরা আরও আগে জেনেছি। কিন্তু এতদিন চেপে ছিলাম। আসলে ছবিটির এমন বড় প্রাপ্তির কথা আমাদেরও কল্পনায় ছিল না। আমরা নিজেরাই সারপ্রাইজড হয়েছি। খবরটি জানার পর দুই-তিন দিন পর্যন্ত ভেবেছি ওরা কি ভুল করে এটা করেছে? পরে হয়তো ছবিটি নামিয়ে ফেলবে। পরে কনফার্ম হলাম যে ওরা সত্যি সত্যি আমাদের ছবিকে মাস্টারপিস বলছে।’ তিনি আরও বলেন, ‘মায়ার জঞ্জাল মুবি ডট কমে আপলোড হলেও এখনই ছবিটি দেখা যাবে না। তাদের আমরা বলেছি ছবিটি আগে সিনেমা হলে মুক্তি পাবে। তার ছয় মাস পর যাতে ওয়েব সাইটে দেখতে পারে দর্শক। তারা আমাদের কথাকে সম্মান দেখিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
‘মায়ার জঞ্জাল’ ইতিমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০২০ সালে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে মায়ার জঞ্জাল-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। একই বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১৫তম আসরে এশিয়ান পারসপেকটিভ বিভাগে আমন্ত্রণ পায় ছবিটি। এ ছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভালের ২১তম আসরের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমায় আমন্ত্রিত হয়ে বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জেতে ‘মায়ার জঞ্জাল’। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ মুক্তির ১৫ বছর পর ‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম।
