মেলায় দোকান বসানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১১:১২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে আনন্দ মেলায় দোকান বসানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে গোলাকান্দাইল হাটে অবস্থিত আনন্দ মেলায় এ ঘটনা ঘটে। এ সময় মেলায় আসা দর্শনার্থী ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবার স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ মিলে মাসব্যাপী এ আনন্দ মেলার আয়োজন করে। মেলা গত এক সপ্তাহ ধরে চলে আসছিল। মেলায় সার্কাস, মোটরসাইকেল খেলাসহ নানা ধরনের বিনোদনসহ হরেকরকমের দোকান বসেছে। গতকাল দুপুরে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুকের লোকজন মেলায় একটি দোকান বসাতে গেলে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী ইমন হাসানের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাগ্বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মেলা কমিটির লোকজন উভয়পক্ষকে দোকান বসাতে বাধা দিলে ছাত্রলীগের দুপক্ষের লোকজন ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মেলায় আতঙ্কের সৃষ্টি করা হয়। দুই দফা সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ও ছাত্রলীগ নেতা আবদুর রাজ্জাককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় মেলায় আসা ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা একটি দোকান বসাতে গেলে সম্পূর্ণ অন্যায়ভাবে যুবলীগ ও ছাত্রলীগ মিলে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা করে অন্তত ১০ জনকে আহত করেছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

পাল্টা অভিযোগ করে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী ইমন হাসান বলেন, ‘আমরা একটি দোকান বসাতে গেলে ওমর ফারুকসহ তার লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে।’

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত