ঘুমের আগে পনির খেয়ে লাখ টাকা জেতার সুযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০১:৫৪ এএম

ঘুমিয়ে ঘুমিয়ে বেতন পাওয়ার মতো চাকরিও আছে পৃথিবীতে। আছে কেবল খাওয়ার চাকরিও। কোনো কাজ না করে কেবল ঘুমিয়ে বা খেয়ে মাস গেলে মেলে বিস্তর পয়সা। এবার একটি প্রতিষ্ঠান দিয়েছে অভিনব এক কাজের সুযোগ। ঘুমের আগে পনিরজাত খাবার খেলে মিলবে লাখ টাকা। 

স্লিপ জাঙ্কি নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সম্প্রতি দেওয়া হয়েছে এ ঘোষণা। গেল সপ্তাহে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, আপনি কি পনিরপ্রেমী? তাহলে ঘুমানোর আগে বিভিন্ন স্বাদের পনির খেয়ে ১ হাজার ডলার বা ১ লাখ টাকা জেতার সুযোগ আছে আপনারও। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক খবরে বলা হয়েছে, ম্যাট্রেস রিভিউ প্রতিষ্ঠান স্লিপ জাঙ্কি আসলে দুগ্ধজাত খাবার ঘুমে কেমন প্রভাব রাখে সে-সংক্রান্ত একটি গবেষণা করতেই এমন উদ্যোগ নিয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা এ কাজের জন্য আবেদন করতে পারবেন। গবেষণা চলবে তিন মাস ধরে। গবেষণার মাধ্যমে পাঁচজন ‘ডেইরি ড্রিমার’ খুঁজে বের করবে তারা। আর সেই সঙ্গে ঘুমানোর আগে পনির বা অন্যান্য দুগ্ধজাত খাবার খেলে মানুষ দুঃস্বপ্ন দেখে বলে যে প্রচলিত বিশ্বাস আছে তা ভাঙতে চায়।

স্লিপ জাঙ্কির ওয়েবসাইটে বলা হয়েছে, তিন মাস ধরে অংশগ্রহণকারীদের ঘুমাতে যাওয়ার আগে পনির দিয়ে তৈরি খাবার খেতে হবে। এর মাধ্যমে আমরা দেখতে চাই ভালো ঘুমের ক্ষেত্রে পনিরজাত খাবার কতটুকু প্রভাব ফেলে বা অন্য খাবার কেমন প্রভাব রাখে, সেটি।  

স্লিপ জাঙ্কি বলছে, বেছে নেওয়া পাঁচজন ডেইরি ড্রিমারকে তাদের ঘুমের ট্র্যাক করতে বলা হবে এবং তাদের ঘুমের গুণমান, সারা দিনের শক্তির স্তরের লিখিত মূল্যায়ন এবং ঘুমাতে যাওয়ার আগে বিভিন্ন পনির পণ্য খাওয়ার পরে স্বপ্ন এবং দুঃস্বপ্নের প্রতিবেদন দিতে বলা হবে।

জাঙ্কির মুখপাত্র ডরোথি চেম্বার্স বলেছেন, ‘আমরা আসলে দেখতে চাই রাতের ঘুমকে ধ্বংস করতে বিভিন্ন ধরনের পনির এবং অন্যান্য লক্ষণের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না? এটি হয়তো অনিদ্রা রোগ থেকে মুক্তির একটা পথ বাতলে দিতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত