রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পাশে বসলেন স্মিথ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৭:২৯ পিএম

চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টিভেন স্মিথ। টানা দ্বিতীয়বার জিতলেন অ্যালান বোর্ডার মেডেল। স্মিথ পুরস্কারটি জিততে পেছনে ফেলেছেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারকে। চতুর্থবার বর্ষসেরা হয়ে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পাশে বসলেন স্মিথ। কিপার-ব্যাটার বেথ মুনি জিতছেন নারী ক্রিকেটের বর্ষসেরা পুরষ্কার।

সিডনিতে সোমবার ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০০০ সাল থেকে চালু হওয়া এ পুরষ্কার স্মিথ এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২১ এ পেয়েছিলেন। ১৭১ ভোট পেয়ে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্মিথ। ট্রাভিস হেড ১৪৪ ভোট ও ডেভিড ওয়ার্নার ১৪১ ভোট পান। সেরা পাঁচে ছিলেন মার্নাস লাবুশেন (১৩৮ ভোট) ও উসমান খাজা (১৩২ ভোট)।

পুরস্কারের জন্য বিবেচিত সময়ে (২০ জানুয়ারি ২০২২ থেকে ২১ জানুয়ারি ২০২৩) ১০ টেস্ট, ১৭ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এই সময়ে তিন সংস্করণ মিলিয়ে ৫৫.২৫ গড়ে ১৫৪৭ রান করেন স্মিথ। যা বিবেচিত বছরে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। স্মিথ এই সময়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৪৫, উইন্ডিজের বিপক্ষে পার্থে অপরাজিত ২০০ এবং সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ১০৪ রানের ইনিংস।

শেন ওয়ার্ন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন খাজা। পেছনে ফেলেছেন লাবুশেন ও স্মিথকে। ৭৮.৪৬ গড়ে ১০২০ রান করেছেন খাজা। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ডেভিড ওয়ার্নার। স্মিথের সমান ২৫ ভোট পেলেও টাইব্রেকারের মাধ্যমে ওয়ার্নারের হাতে ওঠে পুরস্কার। টি-টোয়েন্টিতে বর্ষসেরা (পুরুষ) পুরস্কার জেতেন মার্কাস স্টয়নিস।

খেলোয়াড়, আম্পায়ার ও সংবাদ মাধ্যমের নির্বাচিত প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয়েছেন বিজয়ীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত