কোরিয়া-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে রাজধানীতে ‘কোরিয়া সপ্তাহ ২০২৩’-এর আয়োজন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এই আয়োজনে থাকছে শো-কেস কোরিয়া, কোরিয়া-কাপ গলফ টুর্নামেন্ট, কে-পপ কনসার্ট, তায়কোয়ান্দো পারফরম্যান্স এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। যৌথভাবে এই সপ্তাহের আয়োজন করেছে কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন, কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা)।
গতকাল বুধবার ঢাকায় কোরিয়া দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোরিয়া সপ্তাহের বিস্তারিত তথ্য তুলে ধরেন কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ং ওহ ইউ। সংবাদ সম্মেলনে বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কুন বলেন, কোরিয়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং উভয় দেশের ব্যবসায়িক সমাজ আরও সহযোগিতা পেতে ‘শোকেস কোরিয়া ২০২৩’ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ২০২২ সালে বাংলাদেশে কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সর্বকালের সর্বোচ্চ ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রাষ্ট্রদূত লি জাং-কুন আরও বলেন, ‘কোরিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ঐতিহাসিক ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে কোরিয়ান সম্প্রদায়ের এ রকম বিশাল আয়োজন দেখে খুবই ভালো লাগছে। এতে দুই দেশের মধ্যে ব্যবসার আরও প্রসার হবে এবং কোরিয়ান সংস্কৃতিপ্রেমীদের জন্য বিনোদনের সুযোগ তৈরি হবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশে কোরিয়ান কমিউনিটির চেয়ারম্যান ইয়ং ওহ ইউ বলেন, কোরিয়া ১৯৭২ সালের মে মাসে সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং ১৯৭৩ সালের সেপ্টেম্বরে কনস্যুলার সংযোগ ও ডিসেম্বরে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়।
যা থাকছে কোরিয়া সপ্তাহে : ‘স্টে স্ট্রং মার্চ টুগেদার’ শীর্ষক কোরিয়ান সপ্তাহ অনুষ্ঠিত হবে ঢাকার দুটি ভেন্যুতেÑ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) ও কুর্মিটোলা গলফ ক্লাব। এর মধ্যে ২৫-২৬ ফেব্রুয়ারি শোকেস কোরিয়াতে কোরিয়ান পণ্যের প্রদর্শন থাকছে। সেখানে ৪০টিরও বেশি কোম্পানি অংশ নেবে। ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কে-পপ লাইভ কনসার্ট। পরিবেশন করবে কোরিয়ার বয়গ্রুপ ‘টিএএন’ গার্লগ্রুপ ‘আইসিইউ’ ও কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ান্দো পারফরম্যান্স টিম ‘নোলজা’। ১ ও ২ মার্চ কোরিয়া কাপ গলফ টুর্নামেন্ট এবং ৩ মার্চ অ্যাওয়ার্ড শো কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, কোরিয়ান খাবার, ইলেকট্রনিক পণ্য, কোরিয়ান পর্যটন সম্পর্কিত তথ্য বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।
