প্রতিপক্ষের গলা চেপে নিষিদ্ধ কাসেমিরো

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩২ এএম

শীর্ষের আর্সেনাল এভারটনের কাছে ধরাশয়ী হওয়ার পর শনিবার ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। আনন্দের এই খবরের সঙ্গে কাসেমিরোর লাল কার্ড অস্বস্তিতে ফেলেছে রেড ডেভিলদের। প্রতিপক্ষ খেলোয়াড়ের গলা চেপে ধরায় ভিএআর দেখে ব্রাজিলিয়ানকে মাঠ থেকে বের করে দেন, যা মেনে নিতে পারেননি ডাচ কোচ এরিক টেন হাগ।

৬২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ডের গোলে শনিবার ওল্ডট্র্যাফোর্ড যখন উৎসব করছে, ঠিক তখন, ৬৬ মিনিটে মাঠের ডান প্রান্তে থ্রো করার পর ক্রিস্টাল প্যালেসের এক খেলোয়াড়ের চ্যালেঞ্জকে কেন্দ্র করে দুদলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারই এক পর্যায়ে প্রতিপক্ষ খেলোয়াড় হিউজের ঘাড় ও গলার দিকটা চেপে ধরেন কাসেমিরো। ভিএআর রেফারির ইঙ্গিতে ভিডিও রিপ্লে দেখে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি। ঘটনাটি বিস্মিত করেছে টেন হাগকে, ‘আমি দেখলাম দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে লড়াই (হাতাহাতি) করছে। অনেক খেলোয়াড়ই সীমা অতিক্রম করে। তবে পরে একজন খেলোয়াড়কেই মাঠের বাইরে পাঠানো হলো। আমার মতে, এটি ঠিক নয়।’ ভিএআরের সমালোচনাও করেন ম্যানউই কোচ। ‘ভিএআরের আরও ধারাবাহিক হতে হবে। গেল সপ্তাহে আমরা এরিকসেনকে হারিয়েছি (ইনজুরিতে তিন মাস মাঠের বাইরে) বাজে ফাউলের কারণে। তখন ভিএআরের কোনো ভূমিকা ছিল না। এ বিষয়গুলো সঠিক নয়।’

লাল কার্ডের খাঁড়ায়  প্রিমিয়ার লিগে ম্যান ইউ’র পরবর্তী ৩ ম্যাচে নিষিদ্ধ হয়েছেন কাসেমিরো। এর বিরুদ্ধে আপিল করবে ম্যানইউ।

রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন কাটানোর পর আগস্টে ম্যানইউয়ে যোগ দিয়ে দলটিকে বদলে দিয়েছেন কাসেমিরো। শুরুর দিকে ধাক্কা কাটিয়ে লিগে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। উঠেছে লিগ কাপের ফাইনালে। এফ এ কাপের পঞ্চম রাউন্ডে এবং ইউরোপা লিগের শেষ ষোলোতেও উঠেছে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত