বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেটের আদালতে জিআরও শাখায় বুশরাকে অব্যাহতি সুপারিশ করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার এ প্রতিবেদন দাখিল করেন। আগামী ১৪ ফেব্রুয়ারি মামলাটির ধার্য তারিখ রয়েছে। ওই দিন প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।
গত বছরের ৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী বুশরাকে বাসায় যেতে এগিয়ে দিতে যান ফারদিন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৯ নভেম্বর রাতে রামপুরা থানায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে ছেলে হত্যার অভিযোগ এনে বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের নামে একটি হত্যা মামলা করেন।
১০ নভেম্বর এ মামলায় বুশরাকে তাদের রামপুরার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১৬ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ আসে আদালত থেকে। গত বছরের ১৪ ডিসেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাব জানায় হতাশা থেকে ডেমরার সুলতানা কামাল সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ফারদিন। গত ৮ জানুয়ারি ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বুশরাকে জামিনের আদেশ দিলে তিনি কারামুক্ত হন।
