চোরাই মোবাইল কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো মো. রাসেল (৩১), মো. কবির (২৫) ও মো. সিয়াম (২৭)। এ সময় তাদের কাছ থেকে ১১০টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি কম্পিউটারের সিপিইউ ও দুটি এসএসডি ড্রাইভ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরি হওয়া মোবাইল অ্যাপসের মাধ্যমে আইএমইআই নম্বর পরিবর্তন করে পুনরায় বিক্রি করে আসছিল। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর ডিসি অফিসে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা এসব তথ্য জানান।
ডিসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতভর অভিযান চালিয়ে পল্লবী এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের হোতা রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাফরুল থানা এলাকা থেকে কবির ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা কয়েকজন মিলে ছিনতাই বা চোরাইকৃত মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বাজারে বিক্রি করে। ল্যাপটপ ও মোবাইল অ্যাপসের মাধ্যমে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করত রাসেল।
তিনি জানান, শাহ আলী প্লাজার পাঁচতলার ভূঁইয়া টেলিকম দোকানে এ চক্রটি মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজ করত। পরে ওই মার্কেটে অভিযান চালিয়ে ১০৪টি চোরাই মোবাইল ও হার্ডডিস্ক জব্দ করা হয়। রাসেল গত দেড় বছর ধরে এ কাজের সঙ্গে যুক্ত। চোরাই মোবাইল চক্রের একটি অংশ ছিনতাই করা মোবাইল কম দামে কিনত। পরে আইএমইআই নম্বর পরিবর্তনের পর বিভিন্ন দোকানে মোবাইলগুলো বিক্রির জন্য ডিসপ্লে করা হতো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইলের জিডি বা মামলার যাচাই-বাছাই করে সেগুলো আসল মালিককে ফেরত দেওয়া হবে। চুরি-ছিনতাই কমার জন্য সবসময় আমাদের মোবাইল প্যাট্রলিং টিম কাজ করে যাচ্ছে।
