প্রকল্প শেষ হওয়ার আগে সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ কাদের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৫ এএম

প্রকল্প শেষ হওয়ার আগেই সড়কগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বাসস।

সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের লট নম্বর ডিএস-৫ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পুরো প্রকল্পের দৈর্ঘ্য ২০৯ কিলোমিটার। এতে খরচ হবে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট রাস্তা দরকার। স্মার্ট কানেক্টিভিটি দরকার। ঢাকা-সিলেট মহাসড়কটি শুরুতেই চার লেন হওয়া উচিত ছিল। প্রকল্প গ্রহণে এসব ভুল করা উচিত নয়।

ওবায়দুল কাদের বলেন, নতুন করে কোনো প্রকল্প নয়, চলমান প্রকল্পগুলোর কাজ সমাপ্ত করতে হবে গুণগতমান বজায় রেখে। 

তিনি বলেন, এখন সিলেটের মানুষ প্রতীক্ষায় আছে। এই সড়ক উন্নয়নে সবচেয়ে খুশি সিলেটের মানুষ। যেসব মানুষ উপকারভোগী তারাই সবচেয়ে খুশি। কাজটি যথাসময়ে শেষ হবে। কোয়ালিটি ফার্স্ট। এটাতে মনোযোগ দিতে হবে।

এ ছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ক্যান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং, সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক একেএম ফজলুল করিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত