জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪১ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রায় দুই মাস আগে হঠাৎই স্ট্রোক করেন। এরপর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর এখন তিনি রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বেশ কিছুদিন ধরেই তিনি এই হাসপাতালে ভর্তি। প্রথমে স্বনামধন্য এ চলচ্চিত্র চিত্রগ্রাহকের ব্রেন টিউমার ধরা পড়ে। পরবর্তী সময়ে নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফলভাবে মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হলেও বায়োপসিতে তার ব্রেন ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের এই মানুষটি হাসপাতালে শয্যাশায়ী। তার চিকিৎসাও ব্যয়বহুল। দিন যতই যাচ্ছে তার চিকিৎসা ব্যয় বেড়েই চলছে, যা তার পরিবারের পক্ষে আর বহন করা সম্ভব হচ্ছে না।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকরাও তার রোগ মুক্তির ব্যাপারে আশা ছেড়ে দিয়েছেন। অন্যদিকে তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কছে আকুল আবেদন করেছেন আর্থিক অনুদানের। এর পাশাপাশি তার পরিবার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গুণী এই মানুষটি ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘ কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাঁদনী’, ‘আত্ম অহংকার’, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক সিনেমার চিত্রগ্রাহক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত