কাতারে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি খুদে হাফেজ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৫ পিএম

কাতারের দোহায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিজানুন নূর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশি খুদে প্রতিযোগী হাফেজ মো. উসমান গনি। ৫৪টি দেশের তিন শতাধিক শিশু-কিশোর প্রতিযোগী নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

কাতারভিত্তিক আলজাজিরা টিভি চ্যানেলের শিশুতোষ চ্যানেল ‘জিম’ টেলিভিশনের আয়োজনে দেশটির আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। কোরআন তেলাওয়াত ও হিফজ (মুখস্থ পড়া) এই দুই বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার এবং ১০ হাজার রিয়াল পুরস্কার পাবেন। ২০১৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় শুধু ৯-১৩ বছর বয়সী শিশুরা অংশগ্রহণের সুযোগ পান।

প্রতিযোগিতায় অংশ নিতে গত বুধবার সন্ধ্যায় কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ১০ বছর বয়সী হাফেজ মো. উসমান গনি। সঙ্গে রয়েছেন তার উস্তাদ হাফেজ মাওলানা তাওহিদ বিন আলী।

প্রতিবছর পবিত্র রমজান উপলক্ষে জিম টেলিভিশনে প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনলাইনে ভিডিও রেকর্ডের মাধ্যমে বাছাই করে নির্বাচিত সেরা খুদে হাফেজ ও কারিদের নিয়ে আসা হয় দোহায়। এরপর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা।

এবার তিজানুন নূরের বাছাই পর্বে বিশ্বের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে হাফেজ মো. উসমান গনি বাংলাদেশ থেকে প্রথম স্থান অধিকার করেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মনপুরা গ্রামের মাওলানা মোস্তফা কামালের ছেলে।

খুদে এই হাফেজ ‘মারকাযুশ শাইখ ইলিয়াস লাহোরী’র ছাত্র। তিনি এই মাদ্রাসায় মাত্র ৯ মাসে কোরআন হিফজ করেছেন। প্রতিষ্ঠানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় (মিতালী মার্কেট, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ওপর) অবস্থিত। মাদ্রাসার পরিচালক শাইখ ইলিয়াস লাহোরী দেশবাসীর কাছে হাফেজ মো. উসমান গনির জন্য দোয়া চেয়েছেন।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন মিসর, লেবানন, আলজেরিয়া ও কাতারের পাঁচ অভিজ্ঞ বিচারক। প্রতিযোগিতার সব কটি পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রচার হবে আসন্ন রমজানে জিম টেলিভিশনের পর্দায়। শিশু-কিশোরদের ধর্মের প্রতি উদ্বুদ্ধ এবং ইসলামি বিশ্বাস ও লক্ষ্যের প্রতি তাদের কর্তব্য উপলব্ধি করানো, কোরআনের হাফেজদের সম্মান প্রদর্শন ও ইসলামের খেদমতে মুসলিম বিশ্বের কাছে কাতারকে উপস্থাপনের লক্ষ্য নিয়ে প্রতিযেগিতার আয়োজন করে আসছে জিম টেলিভিশন কর্র্তৃপক্ষ।

 মোস্তাকিম বিল্লাহ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত