যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিকের বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন।
পিকনিক শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গো কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে পাঁচটি অ্যাম্বুলেন্সে করে প্রায় ২০ জনকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।
নিহতরা হলেন- বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাস (৩৫) ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিদ্যুৎ কুমার বিশ্বাস (৪৫)।
বাকড়ী বহুমুখী বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, তারা বৃহস্পতিবার সকালে তিনটি বাসে করে ১৫০ জন টুঙ্গিপাড়ায় পিকনিকে যান। এর মধ্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সদস্যরা ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। পিকনিক শেষে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড় নামক স্থানে তাদের পিকনিকের বাস একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। বাসে ৫০ জন ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলে নিহত হন বিদ্যুৎ কুমার বিশ্বাস।
এসময় স্থানীয়রা উদ্ধার করে আহতদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে নেয়। সেখান থেকে অনেককে ফরিদপুরে হাসপাতালে পাঠানো হয়। কাশিয়ানিতে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচটি অ্যাম্বুলেন্সে করে আহতদের রাত সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সুদিপ্ত বিশ্বাসের মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নিয়ে আসার পরে আরেকজন মৃত্যুবরণ করেন।
তাৎক্ষণিকভাবে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসার তদারকি করেছেন।
