চার পুলিশ সদস্য আহত

পুলিশকে পিটিয়ে ২ মাদক কারবারিকে ছিনতাই, পরে আটক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশকে মারধর করে হাতকড়াসহ নয়ন মাদবর (২২) ও দিপু মাদবর (২৬) নামে চিহ্নিত দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। এ সময় চার পুলিশ সদস্য আহত হন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে হাতকড়াসহ ওই দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় সন্দেহভাজন আরও ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চ-িপুর এলাকায় ঝটিকা অভিযান চালান নড়িয়া থানার এসআই  ইকবাল, আকরাম, এএসআই ফয়সাল ও ফরহাদ। এ সময় তারা ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে হাতকড়া পরান। স্থানীয় ৫০-৬০ জন এসে তাদের ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। একপর্যায়ে ওই চার পুলিশ সদস্যকে মারধর করে হাতকড়াসহ দুজনকে ছিনিয়ে নিয়ে যায় তারা। মারধরে এএসআই ফরহাদের পা ভেঙে যায়। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, ‘ওই দুই মাদক কারবারিকে পরে আটক করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত