পার্ক ও খেলার মাঠ থেকে নির্মিত ও নির্মাণাধীন সব বাণিজ্যিক স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন ১০ বিশিষ্ট নাগরিক। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ চেয়েছেন তারা। বিদ্যমান মাঠ-পার্কগুলোর যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, নাগরিক উদ্যোগের জাকির হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ফজলে রেজা সুমন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট পরিচালক গাউস পিয়ারী, গ্রিন সেইভার্সের আহসান রনি, গ্রিন ভয়েস সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকার ধূপখোলা মাঠ, বাহাদুর শাহ পার্ক ও গুলশান শাহাবুদ্দিন পার্কসহ সকল পার্ক ও খেলার মাঠে নির্মিত ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা রয়েছে। এটি বিদ্যমান আইনের স্পষ্ট লঙ্ঘন। মাঠ থেকে বাণিজ্যিক স্থাপনা অপসারণ করতে হবে। বিবৃতিতে এসব স্থানের যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
