বিদেশ থেকে মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেছেন বাংলাদেশের একটি মানুষও যেন বিদেশে গিয়ে চিকিৎসা না নেন। আমরা আশা করছি, সেই দিন বেশি দূরে নয়, যে দিন বাইরের দেশের মানুষ চিকিৎসা নিতে বাংলাদেশে আসবে। প্রধানমন্ত্রীর এই আশা পূরণ করতে পারবেন আমাদের দেশের চিকিৎসক, নার্সসহ সবাই।’
গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্যসেবা দিয়ে মানুষের মন জয় করতে চায়। বাংলাদেশে আগে এত মেডিকেল কলেজ হাসপাতাল ছিল না। মাত্র ৮টি মেডিকেল কলেজ ছিল। এখন সরকারিভাবেই মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি। আর বেসরকারিভাবে ৭০টি মেডিকেল কলেজ রয়েছে। দেশে অনেক ইনস্টিটিউট হয়েছে।’
