একটিই গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। রবিবার রাতে ক্যাম্প ন্যুতে কাদিজের বিপক্ষে বার্সেলোনা জিতেছে ২-০ ব্যবধানে। সের্জি রবার্তো এগিয়ে দেওয়ার পর প্রথমার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয় গোল করে বার্সেলোনার টানা সপ্তম জয় নিশ্চিত করেন পোলিশ স্ট্রাইকার। আর এই গোলে বার্সেলোনায় লিওনেল মেসি আর লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদোর মাইলফলক স্পর্শ করেছেন লেভা। লা লিগায় এটি তার ১৫তম গোল। ১৯ ম্যাচে মাইলফলক ছুঁয়েছেন তিনি। একুশ শতকে লা লিগায় এটি দ্বিতীয় দ্রুততম ১৫ গোলের ঘটনা। ২০০৯-১০ মৌসুমে দ্রুততম রেকর্ডটি গড়েছিলেন রোনালদো, মাত্র ১৭ ম্যাচে।
লা লিগায় ১৫ গোলের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে ৫টি, স্প্যানিশ সুপারকোপায় ২টি এবং কোপা দেল রেতে ২টি গোল করেছেন লেভানডফস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে তার গোলসংখ্যা ২৪। বার্সেলোনার হয়ে লিওনেল মেসি ছাড়া আর একজন খেলোয়াড়ই এক মৌসুমে ২৪ গোল করতে পেরেছেন। তিনি লুইস সুয়ারেজ, যা করেছেন ২০১৮-১৯ মৌসুমে। নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচেই রেকর্ডটি ছুঁয়ে ফেললেন ৩৪ বছর বয়সী লেভা। ১৯তম জয়ে ২২ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টের ব্যবধান ধরে রাখল বার্সেলোনা। বৃহস্পতিবার ম্যানইউয়ের মাঠে ইউরোপা লিগ শেষ ষোলোর ফিরতি লেগের খেলা বার্সেলোনার।
