চট্টগ্রামে রিহ্যাব ফেয়ার শুরু হচ্ছে আজ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ এএম

চট্টগ্রামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রিহ্যাব আবাসন ফেয়ার। ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ শিরোনামে নগরীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে শুরু হতে যাওয়া এ মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এ ফেয়ারের উদ্বোধন করবেন।

এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।

গতকাল বুধবার রিহ্যাবের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। তিনি বলেন, সরকারের একার পক্ষে সবার আবাসন চাহিদা পূরণ করা সম্ভব নয়। এ জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

এদিকে দেশবাসীর আবাসন সুবিধা নিশ্চিত করতে রিহ্যাবের প্রায় ৯০০ সদস্য কাজ করছে এবং এ খাতে প্রায় ৪০ লাখ মানুষ কাজ করছে বলে জানান রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট। তাদের ওপর নির্ভরশীল রয়েছে প্রায় দুই কোটি মানুষ। এ ছাড়া আবাসন খাতের সঙ্গে লিংকেজ ইন্ডাস্ট্রি হিসেবে রড, সিমেন্ট, লাইট, টাইলস, স্যানেটারি আইটেমসহ বিভিন্ন পণ্যের অনেক কারখানা গড়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত