ঢাকা বার নির্বাচন

বিএনপিপন্থি আইনজীবীদের বর্জনের মধ্যে ভোটগ্রহণ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৭ এএম

বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) বর্জনের মধ্যেই ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। গত বুধবার ঢাকা আইনজীবী সমিতি ভবনে স্থাপিত বুথে দুদিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ভোটগ্রহণ শেষ হয়। গণনা শেষে আগামীকাল শনিবার ফলাফল জানা যাবে বলে জানান এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। তিনি বলেন, বারের ১৯ হাজার ৬২৯ জন তালিকাভুক্ত আইনজীবী ভোটারের মধ্যে ৯ হাজার ২৪৩ জন ভোট দিয়েছেন। তবে ঢাকা আইনজীবী সমিতির সদস্যসংখ্যা ২৭ হাজার ৯২৪ জন।

এদিকে নীল প্যানেলের নির্বাচন বর্জনের ফলে আইনজীবীদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ অনেকটাই কম দেখা গেছে। প্রথম দিনের তুলনায় গতকাল দ্বিতীয় দিনে ভোটারদের জটলা দেখা যায়নি। বুথের মধ্যে ও বাইরে নীল প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকদের কোনো প্রচারণা দেখা যায়নি। তবে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটের প্রচারণা চালিয়ে যান।

গত বুধবার ভোট দিয়েছিলেন ৫ হাজার ২৮ জন। নীল প্যানেল অনিয়ম ও ভোটের হিসাবে গরমিলের অভিযোগ তুলে ওইদিন রাতেই ভোট বর্জনের ঘোষণা দেয়। তাদের অভিযোগ, প্রথম দিন ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। এ সময় ১৪টি কাউন্টারে হিসাব করে দেখা যায়, ৪ হাজার ২৩টি ভোট পড়েছে। এরপর নির্বাচন কমিশনার আবদুল্লাহ আবু ৫ হাজার ২৮টি ভোট পড়ার কথা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত