শিক্ষাঙ্গনে ‘নৈরাজ্য’ নিয়ে ৩০ নাগরিকের উদ্বেগ

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৬:৫৫ এএম

দেশের শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি হয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন ৩০ বিশিষ্ট নাগরিক। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগের কথা জানান। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাকাডেমিক স্বাধীনতা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের অভিযোগগুলো অন্যতম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ার পর থেকে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ৩০টির বেশি চাঁদাবাজি, ছাত্র নির্যাতন, আবাসিক হলে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ গণমাধ্যমে এসেছে। এসব দুর্বৃত্তপনার অভিযোগের সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিবৃতিদাতারা।

বিবৃতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর নির্যাতন ও চট্টগ্রাম মেডিকেল কলেজে চার ছাত্রকে ‘শিবির সন্দেহে’ ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মারধর করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানোসহ ১০টি গুরুতর অভিযোগের কথা উল্লেখ করা হয়।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্যাহ, মানবাধিকারকর্মী নূর খান লিটন, সাবেক কূটনীতিক সাকিব আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, সুকোমল বড়ুয়া, অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোর্শেদ হাসান খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত