পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িতে হামলা, আগুন

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:০২ এএম

আহমদিয়া মুসলিম জামাতকে নিষিদ্ধ ও তাদের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সাড়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কথিত সর্বস্তরের তৌহিদি জনতা। অবরোধ শেষে একদল যুবক আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে জেলা শহরের চৌরঙ্গী এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তারা করতোয়া সেতুর প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধের কারণে যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাক এবং ছোট যানবাহনসহ সহ¯্রাধিক যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে নিজ গন্তব্যে রওনা হয়। বিকেলে ৪টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা জোহরের নামাজ মহাসড়কেই আদায় করেন। বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, ‘আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানিরা কাফের। তারা শেষ নবীকে মানে না। তাদের সংসদে আইন করে নিষিদ্ধ করতে হবে।’ বিক্ষোভকারীরা জেলা শহরের অদূরে আহমদনগরে আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবি জানান। প্রশাসন এই জলসা বন্ধ না করলে আজ (শুক্রবার) জুমার নামাজের পর আবারও চৌরঙ্গী মোড়ে সমবেত হওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে মহাসড়ক অবরোধ শেষে বিকেলে একদল যুবক করতোয়া নদী পার হয়ে আহমদনগরে গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত