পুলিশ কর্মকর্তাসহ সড়কে ঝরল ৭ প্রাণ

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:০৪ এএম

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন মারা গেছেন। এর মধ্যে সিলেটে বাবা-ছেলে, যশোরে দুই মোটরসাইকেল আরোহী, পটুয়াখালীতে এক ডিবি পুলিশের এসআই, ঝিনাইদহে চিকিৎসক ও রাজধানীর যাত্রাবাড়ীতে এক পথচারী নিহত হয়েছেন। গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে পৃথক ঘটনাগুলো ঘটে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

সিলেট : বাবার সঙ্গে শিশু শাহিন (৮) তার নানাবাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছিল। নানাবাড়ির বেশ কাছাকাছি পৌঁছেও গিয়েছিল। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তাদের সেখানে পৌঁছাতে দেয়নি। দুর্ঘটনায় শাহিন ও তার বাবা ফলিক আহমদ (৪৫) দুজনই নিহত হয়েছেন। গতকাল সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার বটেরতল বাজার এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফলিক আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নারাপিং গ্রামের মৃত আসাব আলীর ছেলে।

যশোর : যশোরের মনিরামপুরে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাসুদুর রহমান ওরফে রানা (২৫) ও রুবেল শেখ (২৪) নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মনিরামপুরের হাজরাকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ ওরফে রানা খুলনার ডুমুরিয়া উপজেলার নরদিয়া গ্রামের আইয়ুব মোল্যার ছেলে ও রুবেল শেখ কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের সামাদ শেখের ছেলে।

পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। গতকাল সকালে মির্জাগঞ্জের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বরগুনা ডিবি পুলিশে কর্মরত।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বাকেরগঞ্জ থেকে কর্মস্থল বরগুনা যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ : ঝিনাইদহ সদরে বাসচাপায় মিঠুন হোসেন (২৮) নামের এক স্থানীয় চিকিৎসক নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার রাউতাইল পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন সদর উপজেলার সাধুহাটি মাগুরাপাড়ার শাহজাহান আলীর ছেলে।

ঢামেক : রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ মোড়ে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়ে জাহিদ মোল্লা (৩৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। গতকাল সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ মোল্লা মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মোস্তফা মোল্লার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত