ইংল্যান্ড সিরিজ শেষেই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। তার আগে শুরু হয়েছে ক্রিকেটারদের দলবদল। মোহামেডান দলে ভিড়িয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
দলের খেলোয়াড়দের অনেকেই অনলাইনে চুক্তি সই করেছেন। তবে সাকিব আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবে সশরীরে উপস্থিত হয়ে চুক্তি সই করেছেন।
ক্লাবের সঙ্গে চুক্তি করার পর অবশ্য গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি। ক্লাবের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শেষে কোনো কথা না বলে বেরিয়ে যান সেখান থেকে।
জাতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে দুপুর একটার দিকে চট্টগ্রামের বিমানে চড়বে। সাকিব যাবেন আরও পরে। বিকেলে তার একটি বিজ্ঞাপনী সংস্থার কাজ রয়েছে বলে জানা গেছে।
মোহামেডান স্কোয়াড
সৌম্য সরকার, রনি তালুকদার, মহিদুল ইসলাম অঙ্কন, আবদুল মজিদ, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল ইসলাম, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক, রুয়েল মিয়া, মুশফিক (পেসার), খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল জুনিয়র, নাজমুল অপু।
