সাভারের আশুলিয়ায় মাদ্রাসা শিক্ষার্থী তানভীর আহম্মেদকে (৮) অপহরণ ও হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানায় র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে গত ৭ মার্চ শবেবরাতের রাতে টংগাবাড়ী এলাকা থেকে শিশু তানভীরকে অপহরণ করে অভিযুক্তরা। পরদিন বুধবার শিশুটির বাবাকে ফোন করে মুক্তিপণ দাবিসহ হত্যার হুমকি দেওয়া হয়। ওইদিন সকালেই টংগাবাড়ী এলাকায় রাস্তার পাশে ময়লার ড্রেন থেকে তানভীরের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তাররা হলো আনোয়ার হোসেন (২০), সাকিব হোসেন (২৬) ও তামজিদ আহমেদ রাফি (১৪)।
র্যাব জানায়, শিশুটির পরিবার ও হত্যাকারীরা একই এলাকায় বসবাস করার সুবাদে একে অপরের পূর্বপরিচিত। হত্যাকাণ্ডের মূলহোতা আনোয়ার হোসেনের সঙ্গে শিশুর বাবা টংগাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন সোলায়মানের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল।
