পঞ্চগড়ে তাণ্ডব, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২৯

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০২:৪৬ এএম

কাদিয়ানিদের বার্ষিক সালনা জলসাকে কেন্দ্র করে পঞ্চগড়ে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও হতাহতের ঘটনায় আরও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় হওয়া ১৩ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৬৫ জনে। ঘটনার আট দিন পর পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তবে শুরুতে পুলিশ সুপার স্পর্শকাতর বিষয়ে কোনো প্রশ্ন না করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, একটি প্রশিক্ষিত দল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। আগুন জ¦ালানোর জন্য ছিল গান পাউডার ও পেট্রল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক অ্যাকশনে না গেলে প্রাণহানি বাড়ত এবং এ ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়ত।

মামলা ও গ্রেপ্তারের প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ১৩টি মামলার মধ্যে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে চারটি, ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে। অন্য মামলাগুলো ক্ষতিগ্রস্তরা করেছে। এসব মামলায় নাম-ঠিকানা উল্লেখ করা ছাড়াও ১০-১১ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। এসব মামলা নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা ঘটনায় জড়িত তারাই আতঙ্কে থাকবে।

যুবদল নেতাসহ গ্রেপ্তার আরও ২৯ : এদিকে নতুন করে গ্রেপ্তার হওয়াদের মধ্যে গতকাল সাতজনের নাম-পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তাদের মধ্যে ফেইসবুকে গুজব সৃষ্টি করে আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে সদর উপজেলার অমরখানা বোর্ডবাজার এলাকার সফিউল আলম স্বপন (২১), তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার রাব্বী ইমন (২৫), একই উপজেলার কুমারটোল গ্রামের নাসিরউদ্দিন (৩১) নামে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাইকে দুজন মুসলমানকে জবাই করে হত্যার গুজব ছড়ানোর অভিযোগে সদর উপজেলার রাজনগর এলাকার যুবদল নেতা ফজলে রাব্বী (৩০) ও একই উপজেলার তেলীপাড়া এলাকার মশিউর রহমান (৩৯) এবং আহমদিয়া সম্প্রদায়ের প্রকৌশলী জাহিদ হাসানকে হত্যার অভিযোগে পঞ্চগড় পৌর এলাকার তুলারডাঙ্গা গ্রামের মো. রাসেল (২৮)  ও নাজনগর খালপাড়া এলাকার ইসমাইল হোসেন ঝানুকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত