পারিবারিক ছুটি নিয়ে এমপির সঙ্গে আনন্দ ভ্রমণে ওসি

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০১:৪৬ এএম

টাঙ্গাইলের ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম পারিবারিক ছুটির নামে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে আনন্দ ভ্রমণে কক্সবাজার বেড়াতে গেছেন। তবে জাতীয় নির্বাচনের বছরখানেক বাকি থাকতে এমপির সঙ্গে ওসির এমন আনন্দ ভ্রমণকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এমপির সঙ্গে ওসির এই আনন্দ ভ্রমণের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছে।

এর আগে, ভূঞাপুর থানার ওসি পারিবারিক কারণ দেখিয়ে দুদিনের ছুটি নিয়েছেন জেলার পুলিশ সুপারের কাছ থেকে।

জানা গেছে, গত ১১ মার্চ রাতে ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম থানা ত্যাগ করেন। ১২ মার্চ টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে ঢাকা থেকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যান। এ সময় বিমানের সামনে ওঠানো ছবিতে সংসদ সদস্য ও ওসি ছাড়াও আরও দুজনকে দেখা যায়।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম তালুকদার বাবলু দেশ রূপান্তরকে বলেন, ‘স্থানীয় এমপির সঙ্গে ওসি আনন্দ ভ্রমণে যেতে পারেন কি না, আইনে কী বলা আছে জানা নেই। তবে তিনি এমপির সঙ্গে কক্সবাজার আনন্দ ভ্রমণে গেছেন, এটা ফেসবুকে দেখেছি। একজন সরকারি কর্মকর্তা হয়ে জনপ্রতিনিধির সঙ্গে যাওয়াটা ঠিক হয়নি। উনি সরকারি আদেশ পালনের চেয়ে এমপির আদেশ-নির্দেশ পালনে বেশি সচেষ্ট থাকেন। উপজেলা আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মীর বিরুদ্ধে এমপির নির্দেশে ওসি মিথ্যা মামলা দিয়েছে।’

এমপির সঙ্গে ভ্রমণের বিষয়ে জানতে চাইলে ওসি মো. ফরিদুল ইসলাম মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘ছুটিতে বাইরে আছি। এখনো আসিনি। এমপির সঙ্গে ছবি দেখতে পারেন, কিন্তু বিষয় হলো আমাদের ব্যক্তিগত জীবন আছে না। আমরা আমাদের মতো আসছি।’

এমপির সঙ্গে ওসির এমন ভ্রমণ নীতিসংগত কি না জানতে চাইলে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দেশ রূপান্তরকে বলেন, ‘ওসি পারিবারিক সমস্যা দেখিয়ে দুদিনের ছুটি নিয়েছেন। কক্সবাজার গিয়েছেন কি না জানি না। তা ছাড়া এমপির সঙ্গে আনন্দ ভ্রমণে যাওয়া আচরণবিধিতে বাধা নেই। তবে বিষয়টি দৃষ্টিকটু।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত