যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০১:৪৩ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে বিরাজমান স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখা এবং আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। গতকাল বুধবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও স্মৃতি লাইব্রেরি উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পুলিশপ্রধান বলেন, দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল বাংলাদেশ পুলিশ অত্যন্ত সফলতার সঙ্গে তা দমন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে “জিরো টলারেন্স নীতি” ঘোষণা করেছেন। সেই নীতি বাস্তবায়নে দেশের আপামর জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ আমরা সবাই একসঙ্গে একই প্ল্যাটফর্মে একযোগে কাজ করেছি। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আমাদের ঈর্ষণীয় সাফল্য রয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেলের স্বীকৃতি পেয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন হয়েছে তা আমরা ধরে রাখতে চাই। এ জন্য বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে।’

এরপর আইজিপি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ব্লাড ব্যাংক উদ্বোধন করেন।

পরে আইজিপি প্রধান অতিথি হিসেবে বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম। বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আরআরএফ, এপিবিএন, জেলা পুলিশ এবং বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনস পরিদর্শন করেন। তিনি সেখানে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত করেন।

আইজিপি সকালে কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুনাকের সুবিধাবঞ্চিতদের মাঝে সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার বিতরণ : সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বরিশাল জেলা শাখা। এ উপলক্ষে সংগঠনের কার্যালয় চত্বরে গতকাল বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সংগঠনের বরিশাল জেলা শাখার সভানেত্রী তাহমিনা জয়নব প্রীতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ, পুনাক সভানেত্রী সোনিয়া ইসলাম। অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সহধর্মিণী এবং সংগঠনের বরিশাল জেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক নিজস্ব গণ্ডির বাইরে বেরিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এ ছাড়া বৃহত্তর পরিসরে নারীর ক্ষমতায়নেও কার্যকর ভূমিকা পালন করছে। তিনি অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

পুনাক সভানেত্রী বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুনাক কার্যালয় পরিদর্শন ও পুনাক সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত