জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তার দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ৮ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা।
ফেসবুকে জয় লেখেন, ‘১৯৭৫ সালের মার্চের ১৭ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মদিনে ধানমন্ডি ৩২ নম্বরের পুরো রাস্তা ছিল তার হাজার হাজার সমর্থক, দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের পদচারণায় মুখর। এক সময় আমার নানা বঙ্গবন্ধু চলে আসলেনতার বাড়ির গেটের কাছে, সেখানে দাঁড়িয়েই মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছিলেন তিনি। সাধারণ মানুষ আর বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করতে ভুলেননি জনতার নেতা।’
রাষ্ট্রপতি হিসেবে ১৯৭৫ সালের এই দিনটি অনেক ব্যস্ত ছিল জানিয়ে জয় লেখেন, ‘দেশের জন্য অবদান রাখা মানুষদের সেই দিন দেওয়া হয় বঙ্গবন্ধু পুরস্কার-১৯৭৪, বিদেশি কূটনীতিকদের সঙ্গে সাক্ষাতের পরপরই বঙ্গবন্ধু ছুটে গেলেন তাকে শুভেচ্ছা জানাতে আসা স্কুলের শিশুদের কাছে। তারা গানে গানে আর কবিতা আবৃত্তি করে বঙ্গবন্ধুকে জানালো তাদের ভালোবাসা। একজন রাষ্ট্রপতি এ রকম সাদামাটাভাবে মানুষের সঙ্গে মিশে যেতে পারে তা না দেখলে বুঝার উপায় নেই।’
তিনি আরও লেখেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর, সামরিক শাসকেরা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এ রকম অনেক তথ্য চিরতরে মুছে দেওয়ার চেষ্টা করেছিল, কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছিল। শেষ পর্যন্ত অনেক দুর্লভ ভিডিও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ উদ্ধার করেছে বিভিন্ন উৎস থেকে, ইতিহাসের অনেক ঘটনা এখন জনসম্মুখে আসছে।’
সবশেষ স্বাধীনতার মাসে বাঙালি জাতির মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।
