চিত্রনায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ২ মামলা

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০২:২২ এএম

চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় মামলা দুটি নথিভুক্ত হয়। এর মধ্যে ওই থানার এসআই মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মারধর, ভাঙচুর, চাঁদা দাবি ও জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরেকটি মামলা করেন ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি। এ মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. আবু তোরাব মোহাম্মদ শামসুদ্দিন। মাহিয়া মাহি স্বামী রকিব সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরব গিয়েছেন ওমরা হজ পালন করতে। সেখান থেকে গতকাল সকালে ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন। ফেসবুক লাইভে তিনি দাবি করেন, সনিরাজ কার প্যালেস নামে তার স্বামীর গাড়ির শো-রুমের গেট ভেঙে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন তিনি। আজ শনিবার দেশে ফিরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলেও জানিয়েছিলেন মাহি ও রকিব সরকার।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন, মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। অথচ মাহি বা তার স্বামী জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না। ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।’

মাহির ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন ইসমাইল হোসেন। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, ‘রকিব সরকার আমার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছেন। সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি, বিষয়টি মীমাংসার জন্য দফায় দফায় চেষ্টাও করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে নতুন কিছু গাড়ি রকিব সরকারের লোকজন ওই শো-রুমে উঠাতে থাকে। এমন খবর পেয়ে আমিসহ কয়েকজন সেখানে হাজির হই। এ সময় রকিব সরকারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা নিজেরাই নিজেদের শো-রুম ভাঙচুর করেছে। জমি ছেড়ে দেওয়ার শর্তে রকিব সরকার আমার কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন। যেখানে এক কোটি টাকা দিলে সমস্যা সমাধান হয়, সেখানে কেন আমি পুলিশকে দেড় কোটি টাকা দেব?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত