স্বোপার্জিত স্বাধীনতাসহ অনেক ভাস্কর্যের শিল্পী শামীম সিকদার আর নেই। নিভৃতে জীবন কাটানো এই শিল্পী চলেও গেলেন খুব নিভৃতে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একুশে পদকজয়ী ভাস্কর শামীম সিকদারের। আলোচিত কমিউনিস্ট নেতা সিরাজ সিকদারের বোন শামীম সিকদারের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামীম সিকদারের ভাস্কর্যগুলোর কিউরেটর মো. ইমরান হোসেন জানান, ঢাবির চারুকলার সাবেক অধ্যাপক নিজের শিল্পকর্ম সংরক্ষণ করতে কয়েক মাস আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। তবে দেশে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি প্রায় এক সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে মৃত্যু হয় তার।
তিনি জানান, শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা ১১টায় শামীম সিকদারের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ শহীদ মিনার কিংবা তার যেকোনো একটি ভাস্কর্য প্রাঙ্গণে নিয়ে যাওয়া হতে পারে। তার পরিবারের সদস্য ও শিল্পীদের সঙ্গে কথা বলে দাফনের ব্যবস্থা নেওয়া হবে। তবে
মোহাম্মদপুরে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফনের একটি পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
শামীম সিকদার ১৯৫২ সালের ২২ অক্টোবর বগুড়া জেলার মহাস্থান গড়ের চিংগাশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৫ বছর বয়সে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। পরে ১৯৭৬ সালে তিনি লন্ডনের স্যার জন কাস স্কুলে চলে যান। গত শতকের আশির দশকে চারুকলায় শিক্ষকতা শুরু করেন তিনি।
১৯৭৪ সালে এই ভাস্কর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি ভাস্কর্য নির্মাণ করেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ‘স্বোপার্জিত স্বাধীনতা’ শিরোনামের ভাস্কর্য নির্মাণ করেন। ভাস্কর্যটির মূল বেদিতে আছে একাত্তরের বিভিন্ন ঘটনার চিত্র। ১৯৮৮ সালের ২৫ মার্চ এটি স্থাপন করা হয়। স্বামী বিবেকানন্দের ভাস্কর্য নির্মাণ করেন ১৯৯৪ সালে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্থাপন করা হয়। ১৯৮০ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ললিতকলা অনুষদের একজন ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। তিনি ২০০০ সালে একুশে পদক পান।
শামীম সিকদারের ছাত্র ও বর্তমানে ঢাবি ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ প্রিয় শিক্ষকের মৃত্যুর পর দেশ রূপান্তকে জানিয়েছেন তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘শামীম আরা সিকদার ভাস্কর্য বিভাগে আমার শিক্ষক ছিলেন। তার মতো শিক্ষার্থীবান্ধব শিক্ষক আজকের সময়ে খুবই কম পাওয়া যায়। তিনি অসচ্ছল শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করতেন, শিক্ষার্থীদের মুখ দেখলেই তিনি বুঝতে পারতেন শিক্ষার্থী হয়তো সকালের খাবার খেয়ে আসেনি, তিনি তৎক্ষণাৎ তার খাবারের ব্যবস্থা করতেন। অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য তিনি ক্লাস ওয়ার্কের বাইরে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের কমিশন ওয়ার্ক দিয়ে দিতেন। অত্যন্ত আধুনিকমনস্ক শিল্পী করে গড়ে তুলতে চেষ্টা করতেন শিক্ষার্থীদের। প্রচ- মাত্রায় পরিশ্রমী কাজপাগল একজন ভাস্কর ছিলেন তিনি।’
মুকুল কুমার বলেন, ‘বাংলাদেশের আধুনিক ভাস্কর্য চর্চার ইতিহাসে সামাজিকভাবে ভাস্কর্যের গ্রহণযোগ্যতা নিয়ে আসার ক্ষেত্রে তার অবদান বিশালতম। তিনি আপাদমস্তক একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। স্বাধীনতাসংগ্রামে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার কথা মাঝেমধ্যে আমাদের শোনাতেন। বাংলাদেশের ভাস্কর্য চর্চার ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
