দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকার তেলেগু সিনেমা ‘দাসারা’ চলতি মাসের ৩০ তারিখ মুক্তি পাচ্ছে। এই সিনেমার শ্যুটিংয়ের শেষ দিনে শ্যুটিং ইউনিটের প্রত্যেক কর্মীকে ১টি করে মোট ১৩০টি স্বর্ণমুদ্রা উপহার দিলেন এই অভিনেত্রী। এগুলোর প্রতিটির ওজন ১০ গ্রাম করে, সব মিলিয়ে মূল্য প্রায় ৭০ থেকে ৭৫ লাখ রুপি। খবর ভারতীয় গণমাধ্যমের। শ্যুটিং ইউনিটের একটি সূত্র জানায়, শ্যুটিংয়ের শেষ দিনে কীর্তি সুরেশ বেশ আবেগপ্রবণ ছিলেন। যাদের কারণে তিনি এই সিনেমায় তার সেরাটা দিতে পেরেছেন, তাদের তিনি কিছু দিতে চেয়েছিলেন। এ কারণে শ্যুটিং ইউনিটের প্রত্যেককে তিনি একটি করে স্বর্ণমুদ্রা উপহার দেন। এই সিনেমায় ভেনেলা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কীর্তি সুরেশের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেতা ন্যানিকে। এ সিনেমায় অভিনয়ে আরও আছেন দীক্ষিত শেঠি, সামুথিরাকানি, সাই কুমার, জারিনা ওয়াহাব প্রমুখ। ৩০ মার্চ তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। ‘দাসারা’ সিনেমাটি তেলেঙ্গানার সিঙ্গারেনি কয়লাখনির শ্রমিকদের কাহিনির ভিত্তিতে নির্মিত। নির্মাণ করেছেন পরিচালক শ্রীকান্ত ওধেলা। সিনেমাটির সংগীতায়োজন করেছেন সন্তোষ নারায়ণন এবং সিনেমাটোগ্রাফি করেছেন সত্যেন সুরিয়ান। কীর্তি সুরেশ তামিল, তেলেগু, মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করেন। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। কীর্তি সুরেশকে সামনে ‘ভোলা শঙ্কর’, ‘মামানন’, ‘সাইরেন’, ‘রঘু ঠঠা’ ইত্যাদি সিনেমায় দেখা যাবে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভাশি’।
×
