অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত শিশুসাহিত্যিক মাসুম আওয়ালের কিশোর উপন্যাস ‘গোয়েন্দা ডব্লিউ হিংটিং ছট’ পেয়েছে আর্টলিট সেরা বই পুরস্কার ২০২৩। অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত বিশেষ বুলেটিন ‘ছুটির দিনের বইমেলা’ প্রথমবারের মতো শুরু করল আর্টলিট সেরা বই পুরস্কার। এ বছর দশটি বইয়ের জন্য ‘ছুটির দিনের বইমেলা’ দশজন লেখককে এই পুরস্কারে সম্মানিত করেছে। পুরস্কারপ্রাপ্ত ১০ জন লেখক হলেন সেলিনা হোসেন (আগস্টের এক রাত), হাসান শরীফ (বিজয়ের নেপথ্যে), আসিফ মেহ্দী (বিড়ালছানা ক্যাকটাস), অরবিন্দ চক্রবর্তী (ইচ্ছার আরওতর পিনিক), মামুন সারওয়ার (ছড়াসমগ্র-১), আব্দুল্লাহ অপু (বিস্মৃত সৈনিক), মাসুম আওয়াল (গোয়েন্দা ডব্লিউ হিংটিং ছট), মাহবুব নাহিদ (প্রেম যমুনায় মাতাল হাওয়া), নিশো আল মামুন (প্রেমিকার বঙ্কাল) এবং মঞ্জুয়ারা সোনালী (গোলাপ অথবা উঁকি দেয়া চাঁদ)।
২২ মার্চ (বুধবার) রাজধানীর বর্ণালী স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে লেখকদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নাসির আহমেদ, কবি মোহন রায়হান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজীজ ও কবি আসাদ কাজল। সভাপতিত্ব করেন ছুটির দিনের বইমেলা’র সম্পাদক দীপান্ত রায়হান। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী প্রতিষ্ঠান আর্টলিট লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গোলাম সারোয়ার সবুর।
প্রথম কিশোর উপন্যাসেই পুরস্কারপ্রাপ্তিতে মাসুম আওয়াল বলেন, ছড়া লিখে পাঠকের ভালোবাসা পেয়েছি। প্রথম কিশোর উপন্যাসও পাঠক ভালোবেসে গ্রহণ করেছেন এ আমার পরম প্রাপ্তি। এ পুরস্কার সাহিত্যের প্রতি আমাকে আরও বেশি দায়বদ্ধ করে তুলেছে।
