শিশু কোলে নিয়ে পথচারী সেজে ওত পেতে মোবাইল ছিনিয়ে নেওয়া একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা হলেন মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও রিতু (২৪)। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে গতকাল শুক্রবার গণমাধ্যমে এসব তথ্য জানায় তারা। তবে এ বিষয়ে জানতে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে গতকাল সন্ধ্যায় একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, চক্রের সদস্য মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরতেন আর মিম ও সোহাগী তাদের আশপাশে থাকতেন। মনিকা ও রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর সময় পথচারীরা আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া লাগিয়ে দেন। আর এই সুযোগে বাকি দুজন পালিয়ে যান।
তারা আরও জানান, মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা ছেলে কোলে নিয়ে ঘোরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছোঁ মেরে নিয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা দিয়ে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান। গতকালও একই কায়দায় ছিনতাই করেন তারা। বৃহস্পতিবার ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়।
