সুনামগঞ্জের সদর উপজেলার মুসলিমপুরে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুজনের তর্কের একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত শুক্কুর মিয়া (৪৫) সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার দুপুরে মুসলিমপুর গ্রামের পাশে জমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্কুর মিয়া তার গরুকে ঘাস খাওয়ানোর জন্য গ্রামের পাশে ধানের জমিতে নিয়ে গেলে নায়েব আলী বাধা দেন। একপর্যায়ে দুজনের মধ্য কথা-কাটাকাটি শুরু হলে নায়েব আলীর চার ছেলে ময়না মিয়া, লিটন মিয়া, আনোয়ার হোসেন ও আইনুল মিয়া তার ওপর হামলা চালায়।
খবর পেয়ে শুক্কুর মিয়া পক্ষের লোকজন ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত শুক্কুর মিয়াকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
