রোগীর খরচ কমাতে চিকিৎসকদের প্রেসক্রিপশনে প্রয়োজনের বেশি ওষুধ না লেখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশে চিকিৎসার পেছনে রোগীদের খরচ বেড়েছে। চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ লেখেন। এটি বন্ধ করতে হবে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) খসড়া স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান শীর্ষক এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় ওষুধের দাম কম। তারপরও চিকিৎসায় সবচেয়ে বেশি খরচ হচ্ছে ওষুধে। কেন এত খরচ, এটা খুঁজে বের করতে হবে। আমাদের কাছে অনেক অভিযোগ আসে, রোগীর প্রয়োজন নেই, এরকম অসংখ্য ওষুধ লিখে দেওয়া হয়। এটা বন্ধ করতে হবে।
তিনি বলেন, চিকিৎসার ব্যয়ে মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। কিন্তু ইউনিভার্সেল হেলথ কেয়ারের (সার্বজনীন স্বাস্থ্যসেবা) আওতায় চলে এলে সেটা অনেকাংশেই কমে যাবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ বছর হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছি।
