নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশ আওয়ামী লীগের

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০২:০৬ এএম

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে রমজানে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। গতকাল শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথসভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন নির্দেশনা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে বৈঠকে নেতাদের জানান ওবায়দুল কাদের। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, তারা নানাভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে। আগামী ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জাতীয় দিবস পালনের পাশাপাশি কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হবে।

এক/এগারোর কুশীলবরা আবারও সক্রিয় হয়েছে বলে বৈঠকে নেতাকর্মীদের বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এসব ষড়যন্ত্রকারীর সঙ্গে যোগ দিয়েছে বলেও জানান তিনি। তারা যেন দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন কাদের।

বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণের জন্য বলা হয়। তাদের বলা হয়, রমজানে বিএনপি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে। কিন্তু আওয়ামী লীগকে তাদের কাউন্টার কর্মসূচি দেওয়া যাবে না। ইফতার ও ঈদসামগ্রী বিতরণের মাধ্যমে গরিব মানুষের পাশে থাকতে হবে।

এদিকে বৈঠকে আওয়ামী লীগের দুজন যুগ্ম সাধারণ সম্পাদক কথা বলেন। তাদের একজন প্রথম আলোকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমাদের দলের কেউ কেউ প্রথম আলোর বিভিন্ন কার্যক্রমে নানাভাবে যুক্ত হন। অনেকে না বুঝেই তাদের কর্মকান্ডে ঢুকে পড়েন। এ নিয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রথম কার্যক্রমে সতর্ক থেকে পর্যবেক্ষণ করতে হবে।

এদিকে বৈঠকে ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা-ওয়ার্ড পর্যায়ের কমিটি দেওয়ার পাশাপাশি সহযোগী এবং অঙ্গ সংগঠনের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত