চলে গেলেন আমিন মোহাম্মদ গ্রুপ চেয়ারম্যান

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০২:১৭ এএম

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি এমএম এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাত ১১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমএম এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলসহ আরও অনেকে।

এমএম এনামুল হকের মৃত্যুর খবর নিশ্চিত করেন আমিন মোহাম্মদ গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। তিনি জানান, গতকাল রবিবার সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে এমএম এনামুল হকের জানাজা হয়। এরপর মসজিদসংলগ্ন বনানী কবরস্থানে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রখ্যাত এ ব্যবসায়ীর জানাজায় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

জানাজার আগমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য এবং মরহুমের জন্য দোয়া চেয়ে নেন তার দুই সন্তান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক নাবিল। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান। জানাজায় অংশ নেন শীর্ষ ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ীদের প্রতিনিধিরা।

এর আগে সকালে মরহুমের বাসভবনে যান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলসহ শীর্ষ পর্যায়ের অনেক ব্যবসায়ী।

এমএম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম আবাসন শিল্পপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি সফল এ ব্যবসায়ী নানা সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিতেন।

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক : এমএম এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এক শোকবার্তায় তিনি বলেন, ‘আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এমএম এনামুল হকের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ ও আমার পক্ষ থেকে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি। তার জীবন, আদর্শ এবং কর্ম আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করি।’

শোকবার্তায় তিনি আরও বলেন, ‘আল্লাহর কাছে প্রার্থনা করছি, মরহুমের পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত