শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সুবর্ণ (অটিস্টিক) শিশুদের বয়স শিথিল করারও চিন্তা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘সুবর্ণ শিশুদের (অটিস্টিক) এক সময় অভিশাপ ও বোঝা মনে করা হতো। কিন্তু এই শিশুদের বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে। আমাদের উচিত তাদের এই দক্ষতাগুলি বের করে আনা। এই শিশুরাও আমাদের সমাজে অবদান রাখতে পারে।’
গতকাল রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’।
শিক্ষামন্ত্রী বলেন, অটিজম বিষয়ে আগে তেমন সচেতনতা ছিল না। আত্মীয়দের কাছ থেকেও গোপন করা হতো।
