সাতক্ষীরায় বিএনপি, জামায়াত শিবিরের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২:০৯ এএম

সাতক্ষীরায় নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল খান জানান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. নুরুল হুদাসহ বিএনপি-জামায়াত ও শিবিরের আট নেতাকর্মীকে গতকাল সোমবার ভোরে সাতক্ষীরা শহরতলির খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন জেলা জামায়াতের পশ্চিম জোনের আমির মো. মোশাররফ হোসেন সরদার (৬২), সদর থানা যুবদলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম (৪২), শিবপুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হাকিম সরদার (৪০), ছাত্রশিবিরের সভাপতি আবদুল হাকিম মোল্লা মিন্টু (৩০), জামায়াত নেতা জামশেদ আলম (৬০) ও মো. ফজর আলী মোল্লা (৬৪)।

ওসি বলেন, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করার সময় গোপন তথ্যের ভিত্তিতে চারটি ককটেলসদৃশ বস্তুসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক আজিজ মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত