অনাপত্তি না পেয়ে আইপিএলেই যাচ্ছেন না সাকিব!

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০২:১০ এএম

অনাপত্তি পত্র না দিয়ে সাকিব আল হাসানকে অধিনায়ক করেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করা হয়েছিল। সেই অভিমানেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলেছে খবর। রাতে কলকাতা নাইট রাইডার্সও নিশ্চিত করেছে সাকিবকে তারা এ মৌসুমে আর খেলাবে না।

বেশ কিছুদিন ধরেই বোর্ড সভাপতি নাজমুল হাসান, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এবং জাতীয় ক্রিকেট দলের কোচ চন্দিকা হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব ও লিটন দাসের আইপিএল খেলার ছাড়পত্রের ব্যাপারে। তিনজনের কণ্ঠে একই সুর, দেশের হয়ে খেলা সবার আগে। জাতীয় দলের খেলা চলাকালে আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দেবে না বিসিবি, জাতীয় দলের খেলার বাইরের সময়টায় খেলতে বাধা নেই। সবশেষ সাকিবও বলেছেন, ‘যখন ভারতীয় ক্রিকেট বোর্ড জানতে চায় যে কবে কবে থেকে কবে কবে পর্যন্ত খেলতে পারব, পুরো টাইম অ্যাভেইলেবল আছি কি না, তখন এনওসির মতোই ওদের জানিয়ে দেওয়া হয় যে কবে থেকে কবে খেলতে পারব। সেখানে ছিল যে আমাদের যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার দায়বদ্ধতা থাকবে, তখন বিসিবি খেলতে দেবে না। এভাবেই বিসিবি করেছে এবং ওভাবেই আমরা এনওসি পাচ্ছি। মোস্তাফিজ যদি টেস্ট দলে ডাক পেত, তাহলে ওকেও থেকে যেত হতো। সৌভাগ্য অথবা দুর্ভাগ্যজনকভাবেই হোক, ও যেতে পেরেছে আগে।’ ডিপিএল ম্যাচ খেলে বিকেএসপি থেকে হেলিকপ্টারে উড়ে এসে ইয়ামাহার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন সাকিব। পরদিন থেকেই শুরু হয় টেস্ট দলের আনুষ্ঠানিক প্রস্তুতি, প্রথম দিনে সাকিব উপস্থিতই ছিলেন না মিরপুরে। গতকাল হাজির হলেও কেবল হেঁটে বেড়িয়েছেন, কোনো প্রশিক্ষণ-অনুশীলন করেননি মাঠে।

ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছিলেন, ২০২৩ সালে বাংলাদেশের ৩টি টেস্ট আছে দেশের মাটিতে, যার ২টা অন্তত জিততে চান। আইপিএলের সূচির সঙ্গে সংঘর্ষ বাধায়, সেই ৩ টেস্টের একটিতে সাকিব খেলতে অনাগ্রহীই ছিলেন বলে খবর। একজন নির্বাচক বলেছিলেন সাকিব টেস্ট খেলবেন কিন্তু আয়ারল্যান্ডে মে মাসে ৩টি ওয়ানডে খেলবেন না, আর লিটন টেস্ট খেলবেন না, তবে আয়ারল্যান্ডে ওয়ানডে খেলবেন। তবে কোনো সূত্রই বোধ হয় কাজে আর লাগছে না, কারণ কলকাতা নাইট রাইডার্স নিজেরাই আর সাকিবকে দলে চাইছে না।

দেড় মাসের আইপিএল, ১০ দলের আসরে গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে ১৪টি ম্যাচ। এর ৭টি কলকাতা খেলবে ইডেন গার্ডেনসে। মূলত ইডেনের স্পিন সহায়ক উইকেটে সুনীল নারিনের সঙ্গী হিসেবেই সাকিবকে নিয়েছিল কলকাতা। নিলামে প্রথমবার দল না পেলেও পরে অবিক্রীত খেলোয়াড় তালিকা থেকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে এবং ৫০ লাখে লিটনকে কেনে কলকাতা। তবে পরে তাদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারেরও চোটের কারণে নীতিশ রানাকে করা হয় অধিনায়ক, প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে বৃষ্টি আইনে ৭ রানের হার নতুন করে ভাবিয়ে তোলে কেকেআর কর্র্তৃপক্ষকে। আসরের শুরুতে এবং শেষে, দুটো গুরুত্বপূর্ণ সময়ে সাকিবকে দলের সঙ্গে পাওয়া না যাওয়াটা নিশ্চিত হওয়ায় কেকেআর চাইছে সাকিবকে ছেড়ে দিয়ে তার জায়গায় অন্য কোনো বিদেশি অলরাউন্ডারকে নিতে, যাকে গোটা মৌসুম খেলানো যাবে। সাকিব যদি কলকাতার হয়ে না খেলেন, তাহলে কি মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পুরো মৌসুম খেলবেন? এমন প্রশ্নের উত্তরে মোহামেডানের এক কর্মকর্তাও দেশ রূপান্তরকে বলেছেন, ‘মোহামেডানের সঙ্গে গত ম্যাচে ব্যাপারটা এমন ছিল যে সাকিবকে যদি কলকাতা না নেয়, তাহলে টেস্টের পর খেলবে। কিন্তু সাকিবকে তো কলকাতা নিয়েই রেখেছে। এক পরিকল্পনায় ওরা শুরু করেছে হয়তো পরিকল্পনা এখন অন্য রকমই। সাকিবের জন্য তো পরিকল্পনা বদল করবে না। ওরা বলেছে যে সাকিবকে ওদের পরিকল্পনায় দরকার হলে ডাকবে। তাই যদি আইপিএলে না যাওয়া হয়, তখন সে ডিপিএল খেলবে। এটাই এখন আমরা সঠিক বলতে পারছি না কী হবে। ব্যাপারটা এখন পুরোপুরি কলকাতা-বিসিবির ওপর নির্ভর করছে।’ অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা হিমানিশ ভট্টাচার্য গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের কাছে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই, পেলে জানানো হবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরুর আগের সন্ধ্যায় সাকিবের আইপিএল সিদ্ধান্ত নিয়ে যাবতীয় উত্তেজনায় টেস্টের আবহ উধাও। কেউ কেউ বলছেন, বিপিএল শুরুর আগে সাকিব প্রতিযোগিতার মান নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, এখন বাগে পেয়ে শোধ নিচ্ছে বিসিবি। কিছুদিন আগেও জাতীয় দলের হয়ে খেলার সময় ইচ্ছেমতোই সব করেছেন সাকিব, অনেকটা বিসিবির অনুমতির তোয়াক্কা না করেই। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের সময় প্রতি ম্যাচের পরদিনই নিয়ম করে ঢাকায় এসেছেন সাকিব। যোগ দিয়েছেন সমাবর্তনে, বাংলাদেশ বিমানের দূত হওয়ার আনুষ্ঠানিক চুক্তি সইয়ে হাজির হয়েছেন এবং রুচি সসের বিজ্ঞাপন চিত্রের কাজ করেছেন। এমনকি চট্টগ্রামেও টি-টোয়েন্টি সিরিজের মাঝে করেছেন বিজ্ঞাপনের শ্যুটিং। সাকিবকে এসব ব্যাপারে কোনো নীতিমালাতেই আনতে পারেনি বিসিবি, তাই আটকে দিয়েছে আইপিএলের ছাড়পত্র। এই টানাপড়েনের জের ধরে টেস্ট থেকেই অবসর নিয়ে নিতে পারেন সাকিব, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

রাত পোহালেই টেস্ট, হোক সেটা আয়ারল্যান্ডের বিপক্ষে। তার আগের সন্ধ্যায় টেস্ট অধিনায়কের এমন ভাবনাই বলে দেয় খেলাটির প্রতি তার গুরুত্ব কতখানি। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে অনেক ক্রিকেটারই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তবে সাকিবের ক্ষেত্রে বিষয়টি হয়তো একটু ভিন্ন। সাকিবকে কতটা সময় পাওয়া যাবে, সেটা জেনেই তো তাকে দলে নিয়েছিল কলকাতা, এখন তাদের বাস্তবতা বদলে যাওয়ায় অন্য কাউকে নিতে চেয়েই তারা সরে যেতে অনুরোধ করেছে সাকিবকে। দীর্ঘদিন এই দলে খেলায় সাকিব সেটা মেনে নিয়েছেন বলেই শোনা যাচ্ছে। তবে নেপথ্যে অন্য একটা কারণও থাকতে পারে। গোটা আইপিএলে ১৪টা ম্যাচে অ্যাভেইলেবল থাকলে সাকিব পাবেন দেড় কোটি রুপি। ভারতে থাকতে হবে দেড় মাস। ঝানু ব্যবসায়ী সাকিবের সামনে এই পরিমাণ অর্থ আরও অনেক কম সময়ে আয়ের যে হাজারটা পথ খোলা!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত