দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পসকো ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচরের হতদরিদ্রদের মধ্যে পাকা বাড়ি হস্তান্তর করা হয়েছে। সুবর্ণচরের ৪ নম্বর চরওয়াপদা ইউনিয়নে ১১টি পাকাঘর তৈরি করে গত সোমবার তাদের মধ্যে হস্তান্তর করা হয়।
সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারের জন্য নির্ধারিত দুই গন্ডা জমিতে এসব ঘর তৈরি করা হয়।
ঘর নির্মাণের বিষয়ে পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘পসকোর ভাইস প্রেসিডেন্ট ও আমি যৌথভাবে এলাকাটি পরিদর্শন করি এবং সেখানকার মানুষের দুরবস্থা দেখে আমরা হতাশ হই। তাই মানবিক বিবেচনায় চরের বাসিন্দাদের ক্রমান্বয়ে ঘর তৈরি করে দিতে মনস্থির করি। পসকোর সহযোগিতায় এই ১১ পাকাঘর তৈরি করে বাসিন্দাদের বুঝিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘সরকারের একার পক্ষে সারা দেশে দরিদ্র জনগণের আবাসন নিশ্চিত করা সত্যিই একটি চ্যালেঞ্জ। তাই আমরা সরকারকে সহায়তা করতে এ উদ্যোগ নিয়েছি।’
বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, পসকো ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সন চুল কিম, পসকো বাংলাদেশের হেড অব কমার্শিয়াল আহাসানুল আলম, সিনিয়র ম্যানেজার ডেনিয়াল লি, কান্ট্রি ম্যানেজার এস জে কং, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এনআরডিএস) এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল আউয়াল, সুবর্ণচরের ৪ নম্বর চরওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়াসহ ঘর পাওয়া হতদরিদ্র পরিবারের সদস্যরা।
