করোনার বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে ভ্যাকসিন প্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থার সদর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে দ্বিপক্ষিয় বৈঠকে এই আশ্বাস দেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে ভালো স্বাস্থ্যসেবা পেতে স্বাস্থ্যকর্মীদের পরিবেশ নিশ্চিত করার জন্য গুরুত্বারোপ করা হয়েছে। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ, চাকরির নিরাপত্তা, ভাতাসহ সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠক শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বাংলাদেশ সফরের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর জবাবে মহাপরিচালক ড. তেদ্রোসও খুব শিগগিরই বাংলাদেশ সফরে সম্মতি দেন।
