চলছে রমজান মাস। ইফতারের সময় বাড়িতে অতিথির আনাগোনা লেগেই রয়েছে। কিন্তু সারা দিন রোজা রাখার পর খুব বেশি সময় রান্নাঘরে কাটাতে ইচ্ছে করে না। চটজলদি সুস্বাদু কী বানানো যায় ভাবছেন?
বাড়িতে মুরগির মাংস আর ডিম থাকলেই হল, বানিয়ে ফেলুন জালি কাবাব। সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু কাবাবের পদ। রইল রেসিপি
উপকরণ
মুরগির মাংসের কিমা: ১ কাপ
পাউরুটি মাখা: ১ কাপ
বিস্কুটের গুঁড়ো: ১ কাপ
জায়ফল-জয়িত্রি গুঁড়ো: আধ চা চামচ
পেঁয়াজ কুচি: আধ কাপ
লঙ্কা কুচি: ২ চা চামচ
আদা বাটা: ১ চামচ
রসুন বাটা: ১ চামচ
ধনেপাতা কুচি: ৩ চামচ
লেবুর রস: ১ চামচ
টোম্যাটো সস: ১ চামচ
টক দই: আধ কাপ
লবণ: স্বাদ মতো
গোলমরিচ গুঁড়ো: ১ চামচ
ডিম: ২ টি

পদ্ধতি
মাংসের কিমা ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে নিতে হবে। পাউরুটি পানিতে ভিজিয়ে চটকে রাখতে হবে। পাউরুটি, কিমা ও সমস্ত মশলা ভাল করে মেখে কিছুক্ষণ রেখে দিন। ছোট ছোট বলের আকারে নিয়ে চ্যাপ্টা করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন দু’পিঠে। বাটিতে ডিম ফেটিয়ে নিন। কাবাবগুলো ডিমের গোলায় ডুবিয়ে ডুবো তেলে ভাজুন। আঁচ কমিয়ে ভাজতে হবে নয়তো বাইরে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। ভাজা হয়ে এলে চামচে করে আবার ডিমের গোলা ছড়িয়ে দিন ঠিক জালের মতো করে। কাবাবের উপরে জালের আস্তরণ থেকেই এই কাবাবের নাম হয়েছে জালি কাবাব। দই-পুদিনার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন জালি কাবাব!
