প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের গঠনমূলক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশীদ সিআইপি। গত শনিবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হারুন উর রশীদ বলেন, কারও সঙ্গে শত্রুতা নয়; সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের সারথি হিসেবে কাজ করছে।
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কীভাবে ভূমিকা রাখা যায় তারই রূপরেখা নির্ণয়ে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশজুড়ে ছড়িয়ে থাকা সংগঠনের নেতাকর্মীরা মানবিক সভাপতি হারুন উর রশীদের ডাকে অনুষ্ঠানে যোগ দেন।
বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিট প্রধানদের নেতৃত্বে সমাবেশস্থলে সমবেত হন নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে শীর্ষ নেতারা বলেন, আলহাজ হারুন উর রশীদ সিআইপির নেতৃত্বে এই সংগঠন স্বীকৃতি পেয়েছে। সংগঠন নিয়ে ষড়যন্ত্রে লিপ্তদের চিহ্নিত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বলেন, জীবনের পুরোটা সময় বঙ্গবন্ধুর জন্য ত্যাগ করেছি। বাকি জীবন শেখ হাসিনার জন্য উৎসর্গ করতে চাই। অনুষ্ঠান শেষে দুস্থ মানুষের মধ্যে নিজ হাতে খাদ্যসামগ্রী ও ইফতার বিরতণ করেন তিনি।
