মাঝ আকাশে ২ বিমানকর্মীকে মারধর, অতঃপর...

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ পিএম

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। ২২৫ জন যাত্রী নিয়ে উড়াল দিলেও মাঝ আকাশে ঘটে বিপত্তি। প্লেনে এক যাত্রী এবং দুই বিমানকর্মী তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত দিল্লি বিমানবন্দরেই ফিরে আসতে বাধ্য হন পাইলট।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার (১০ এপ্রিল) সকালে মাঝ আকাশে বিমানকর্মীদের সঙ্গে তর্ক শুরু করেন এক যাত্রী। তিনি দুই বিমানকর্মীকে মারধরও করেন।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, উড়ানের পরপরই এক যাত্রী অশোভন আচরণ শুরু করেন। বারবার সতর্ক করা হলেও তিনি কোনো কথা শোনেননি। তাকে লিখিত ও মৌখিক দু’ভাবেই সতর্ক করা হয়। তবে তিনি সতর্ক না হয়ে পাল্টা দুই বিমানকর্মীর ওপর চড়াও হন। এতে আহত হন দুই বিমানকর্মী। সঙ্গে সঙ্গে পাইলটকে দিল্লিতে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়। অভিমুখ পাল্টে দিল্লিতে ফিরিয়ে আনা হয় প্লেনটিকে।

জানা গেছে, বিমানবন্দরে অবতরণের পর ওই ব্যক্তিকে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের কাছে ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থানায় জিজ্ঞাসাবাদ করা হয় ওই যাত্রীকে। পরে বিকেলেই ফের লন্ডনের উদ্দেশে উড়ে যায় প্লেনটি।

প্রসঙ্গত, গত মাসে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বাইগামী প্লেনে এক যাত্রীকে ধূমপান করতে দেখা যায়। তারও আগে গত বছরের নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় জরিমানা গুনতে হয় এয়ার ইন্ডিয়াকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত