বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজতন্ত্র ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পার্থক্য অনুধাবনের ন্যূনতম কা-জ্ঞানও তার লোপ পেয়েছে।’ গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছেন দাবি করে ওবায়দুল কাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দিয়েছেন। খবর বাসস।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অবৈধ ও অসাংবিধানিক পন্থায় বন্দুকের নলের মুখে ক্ষমতা দখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ক্ষমতার মোহে অন্ধ হয়ে গণতান্ত্রিক সরকারব্যবস্থা আর রাজতন্ত্রকে গুলিয়ে ফেলেছেন!’ তিনি বলেন, ‘খুনি তারেকের কাছে নতজানু ফখরুল সাহেবরা গোষ্ঠীতন্ত্রের কাছে জিম্মি হয়ে অবচেতন মনে রাজতন্ত্রের মন্ত্র জপছেন! তাদের নিজেদের অসহায়ত্ব ও পরাধীনতাকে জনগণের ওপর চাপিয়ে দিতে অপচেষ্টা চালাচ্ছেন।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সরকারব্যবস্থা সুসংহত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের সংবিধান ও আইন মেনে জনগণের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জনগণের আশা-আকাক্সক্ষাকে ধারণ করেই পরিচালিত হয়ে আসছে সরকারের সব কার্যক্রম।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলেন আজ তা দৃশ্যমান বাস্তবতা। বঙ্গবন্ধুকন্যার ভিশনারি নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত তথ্যের নিরাপত্তা বিধানের পাশাপাশি সংঘটিত অপরাধসমূহ দমনে ডিজিটাল সিকিউরিটি নিশ্চিতকরণে দেশে দেশে ডিজিটাল আইন প্রণীত হয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে। কাউকে হয়রানি কিংবা ভিন্ন মত দমন এই আইনের লক্ষ্য নয়। বিএনপি যেহেতু ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে রাষ্ট্র এবং জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত সেহেতু তারা রাজনৈতিকভাবে এই আইনের বিরোধিতা করে আসছে।’
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সেনাতন্ত্রের সীমানা পেরিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। যার মধ্য দিয়ে এ দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বেই এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা তথা জনগণের ভাগ্যোন্নয়নের অভিযাত্রা এগিয়ে চলেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রতিনিয়ত তাদের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল তখন তা গণদাবি এবং সময়ের দাবি ছিল।
তিনি বলেন, ‘গণদাবির পরিপ্রেক্ষিতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিএনপি জোরজবরদস্তি করে ক্ষমতা দখলের পাঁয়তারায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে হাতিয়ার হিসেবে অপব্যবহারের মাধ্যমে তা বিতর্কিত ও কলঙ্কিত করেছিল। তাদের সেসব অপতৎপরতা বিচার-বিশ্লেষণ করেই মহামান্য আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে। বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
