প্রবাসী জামাতাকে নিয়ে বাড়ি ফেরা হলো না শ্বশুরের

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০১:৩৫ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর ও জামাতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রবাসী হাসেন শেখ দেশে এলে স্বজনরা তাকে নিয়ে প্রাইভেট কারে সিরাজগঞ্জের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।

এদিকে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে মুরগিবোঝাই পিকআপ ভ্যান উল্টে পুকুরের পানিতে ডুবে ব্যবসায়ী, পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় গৃহবধূ, ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।

টাঙ্গাইলের দুর্ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার শংকরহাটি গ্রামের সাত্তার শেখের ছেলে হাসেন শেখ (৫০) এবং তার শ্বশুর একই জেলা ও থানার চাঁদপুর গ্রামের রবি শেখের ছেলে আমীর শেখ (৭১)। এ দুর্ঘটনায় আহতরা হলো নিহত আমীর শেখের ছেলে আশরাফ ও আরিফুল এবং আশরাফের মেয়ে আফিয়া (৭)।

বঙ্গবন্ধু সেতু পূর্বথানার এসআই মশিউর রহমান জানান, প্রবাসী হাসেন শেখ দেশে এলে স্বজনরা তাকে নিয়ে একটি প্রাইভেট কারে করে বাড়িতে যাওয়ার সময় প্রাইভেট কারটি মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হাসেন শেখ। এ সময় তার শ্বশুর, দুই শ্যালক আশরাফ ও আরিফুল এবং আশরাফের মেয়ে আফিয়া আহত হয়। আহতদের মধ্যে আমীর শেখ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মুন্সীগঞ্জে ব্যবসায়ী নিহত : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মুরগিবোঝাই পিকআপ ভ্যান উল্টে পুকুরের পানিতে ডুবে ওমর শেখ (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে কেয়টখালী এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী একই উপজেলার মাশুরগাঁও গ্রামের মিজানুর রহমানের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন ফার্ম থেকে মুরগি কিনে নিজের পিকআপ ভ্যানে বোঝাই করে ফিরছিলেন ব্যবসায়ী ওমর শেখ। পথে কেয়টখালী এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

ঈশ্বরদীতে ট্রাকচাপায় গৃহবধূ নিহত : পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় জুলি খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত এবং তার স্বামী মোটরসাইকেলচালক জুয়েল হোসেন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে দাশুড়িয়া ট্রাফিক মোড় সংলগ্ন গাফফার প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলি চাটমোহর উপজেলার ডিবিগ্রামের জালাল উদ্দিনের মেয়ে ও আহত জুয়েল হোসেন সাথিয়া উপজেলার উত্তর হাটবারিয়া গ্রামের আবদুল ডাইনের ছেলে। পাকশী হাইওয়ে পুলিশ জানায়, দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে পাবনার দিকে যাওয়ার সময় গাফফার প্লাজার সামনে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা জুলি ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ দুজন নিহত : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলো গোমস্তাপুরের বিষুক্ষত্র এলাকার টুটুল আলীর ছেলে বাশার আলী (১৮) এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের মইনুল ইসলামের মেয়ে মাসরুফা (৪)। গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকালে গোমস্তাপুরের নুহস্ট্যান্ড এলাকায় ইটবাহী একটি ট্রাক্টরকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাক্টরচালক বাশার আলী গুরুত্ব আহত হন। উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, শিবগঞ্জের শ্যামপুরের ভবনীপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে যাত্রী শিশু মাসরুফা গুরুতর আহত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তার মৃত্যু হয়।

কালীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত : ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পিকআপচাপায় হামিদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন সোহেল রানা (৩২) নামে আরও একজন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার তারলক্ষ্মীপুর গ্রামের শহর আলীর ছেলে। জানা গেছে, কালীগঞ্জ থেকে যশোর শহরের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন হামিদুল ইসলাম ও সোহেল রানা। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হামিদুলকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত