আগামী ৬ থেকে ৮ অক্টোবর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩’। মূলত কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও ব্যবসার সম্ভাবনা জানাতে এবং দেশটিতে রপ্তানি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবেই এই আয়োজনটি অনুষ্ঠিত হবে। এই আয়োজনের সঙ্গে শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে ফেরদৌস বলেন, ‘শুভেচ্ছা দূত হিসেবে আমার ওপর আস্থা রাখায় সম্মানিত বোধ করছি। বাংলাদেশের আর্থিক খাতের সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বিশ্বমানের অনুষ্ঠানটিতে আমি আমার দায়িত্ব পালন করব।’ সংবাদ সম্মেলনে ফেরদৌস আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন এক্সপোটির আয়োজক প্রতিষ্ঠান কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আরিফ রহমান, ভাইস প্রেসিডেন্ট নাসির কাশেম ও কান্ট্রি ডিরেক্টর ফারজানা আলী রহমান এবং বিহ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক সাকিব সনেট। এই এক্সপোর সঙ্গে বাংলাদেশ সরকারের এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি (বিডা), বিপণন সহযোগী হিসেবে অ্যাড পয়েন্ট এবং বিহ্যাপি এন্টারটেইনমেন্ট চুক্তিবদ্ধ হয়েছে।
×
